গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ২০৪ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ৮ দশমিক ৩৮ শতাংশ কম হলেও দেশটিতে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত তথ্যে বিষয়টি জানা গেছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমায় অবস্থান পরিবর্তন করে উপরে উঠে এসেছে বাংলাদেশ। তবে বাজারে এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম।
অটেক্সার প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী, বছরের প্রথম তিন মাসে চীনের তৈরি পোশাক রপ্তানি প্রায় ৫৩ শতাংশ কমে ১৭০ কোটি ডলারে নেমেছে যুক্তরাষ্ট্রে। ভিয়েতনাম ৩৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে সেখানে। পোশাকখাতে দেশটির বাজার হিস্যা বর্তমানে ২২ শতাংশ, যেখানে বাংলাদেশের অংশীদারিত্ব প্রায় সাড়ে ১১ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৭৭৩ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬০ শতাংশ কম। দেশটিতে শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের মধ্যে শুধু ভিয়েতনামের রপ্তানিতে বেড়েছে। এছাড়া বাংলাদেশসহ চীন, ভারত ও ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে সেখানে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে