দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষক পদায়ন করা হলেও পড়ার মতো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। কোথাও প্রচুর শিক্ষার্থী থাকলেও পাঠদানের মতো শিক্ষক নেই।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের সম্মেলনেবক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার বক্তব্য থেকে বিষয়টি জানা গেছে।
শিক্ষামন্ত্রী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে উপযুক্ত পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়াই নতুন বিষয় এবং অনার্স কোর্স চালু করা হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।
সাম্প্রতিকের এক অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র একজন শিক্ষার্থী এবং অন্য একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র তিনজন শিক্ষার্থী ক্লাস করছেন।
দেশে শিক্ষকের বিদ্যমান ঘাটতির বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, এই সংকট ও সীমাবদ্ধতার মধ্য দিয়েই অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে। দিন শেষে হিসাব করে দেখতে হবে এই স্বল্পতার মধ্যেও জাতির জন্য কতটুকু করতে পারলাম। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করলেই জাতীয় শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে