পরিবারের
ব্যবহারের পানিতে ই-কোলাইয়ের উপস্থিতি
এবং পানির উৎসে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় নিরাপদ পানি নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশের মাত্র ৩৭ দশমিক ১
শতাংশ মানুষ পাচ্ছেন নিরাপদভাবে
ব্যবস্থাপিত পানি। বাকি ৬২ দশমিক ৯
শতাংশ মানুষের ক্ষেত্রে নিরাপদ পানির নির্ধারিত সব শর্ত পূরণ
হচ্ছে না । অথচ দেশে পানির উৎসের অভাব নেই।
বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে নিরাপদ পানি সংক্রান্ত এ তথ্য উঠে এসেছে। গত অক্টোবরে এই প্রতিবেদন প্রকাশ হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এ জরিপ পরিচালিত হয়। এ জরিপে দেশের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি পরিস্থিতির পাশাপাশি পানির গুণমানও পরীক্ষা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই শনাক্ত হয়েছে। অথচ কয়েক বছর আগে ২০১৯ সালের জরিপে এ হার ছিল ৮১ দশমিক ৯ । অন্যদিকে পানির উৎসে ই-কোলাই শনাক্ত হওয়ার হার ৪৭ দশমিক ১। ২০১৯ সালে এ হার ছিল ৪০ দশমিক ৩ । পানির উৎসে আর্সেনিকের উপস্থিতিও উদ্বেগের বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবি। এই সীমার বেশি আর্সেনিকযুক্ত উৎসের পানি ব্যবহার করছেন ১৫ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিকযুক্ত উৎসের পানি ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ। ২০১৯ সালে এ দুটি হার ছিল যথাক্রমে ১৮ দশমিক ৬ ও ১১ দশমিক ৮ শতাংশ। এ হিসাবে আর্সেনিকের ঝুঁকি আগের তুলনায় কমলেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখানো ঝুঁকিতে রয়েছেন।
এদিকে পানির উৎসে লবণাক্ততার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। এতে দেখা যায়, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ লবণাক্ততার মাত্রা প্রতি সেন্টিমিটারে ৩ হাজার মাইক্রোসিমেন্সের বেশি থাকা উৎসের পানি ব্যবহার করছেন। এটি বাংলাদেশের নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে করা হিসাব। তবে জাতীয় পর্যায়ের এই হার দিয়ে কোন কোন জেলা বা এলাকায় লবণাক্ততার ঝুঁকি বেশি, তা নির্ধারণ করা যায় না।
নিরাপদভাবে ব্যবস্থাপিত পানির হিসাব করতে শুধু পানির উৎস উন্নত কি না, তা দেখা হয় না। পানির উৎস বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে থাকতে হবে, প্রয়োজনের সময় পানি পাওয়া যেতে হবে এবং পানিতে ই-কোলাই ও নির্ধারিত সীমার বেশি আর্সেনিক থাকা যাবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ পিপিবি সীমা বিবেচনায় এমন পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের ৫০ পিপিবি মানদণ্ড বিবেচনায় এ হার ৩৯ দশমিক ৪। জরিপে পানির গুণমান পরীক্ষার জন্য ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হলেও ৬ হাজার ১০৬টি পরিবারের পানির পরীক্ষা সম্পন্ন হয়।
জনস্বাস্থ্য
বিশ্লেষকদের মতে, অপরিচ্ছন্নতা ও
স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করায় অনেক
সময় পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। সাধারণ মানুষ সেটা বুঝতে
পারেন না। আবার নিজেদের ব্যবহৃত পানিতে আর্সেনিক আছে কি না, সে
বিষয়ে খোঁজ রাখেন না দেশের অনেক মানুষ। আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি
মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন তারা। এ ক্ষেত্রে জনসচেতনতা
বাড়ানোর ওপর বেশি দেওয়ার পরামর্শ তাদের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে