সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ নিয়ে দলের অবস্থান পরিস্কার করতে গিয়ে তিনি বলেছেন, কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এ কথা বলেন। এ সময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার পথ খুঁজে পাবে। বিএনপি কথা দিয়েছিল, তারা অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে।
একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তার মতে, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে