ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে না, সেহেতু দলভিত্তিক এজেন্ডাও কারও থাকার কথা নয় বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্দলীয় এ নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না বলেও আশা করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্য এই আশাবাদ ব্যক্ত করেন সিইসি। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ হয়।
সিইসি বলেন, আমরা সুষ্ঠু ভোট চাই, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। তিনি বলেন, সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন বলতে এমন একটি বিষয় বোঝায়, যেখানে ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। গণতন্ত্রের জন্য উপযোগী সত্যিকারের নির্বাচন দেখতে চান তিনি।
সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি—জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে