নতুন পাঠ্যবই বিতরণ সৃষ্টি হচ্ছে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬


২০১০ সালে শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত পহেলা জানুয়ারিতে শতভাগ পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়নি শিক্ষার্থীদের মাঝে। তবে এবার পাঠ্যবই বিতরণে রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। জানুয়ারির আগেই, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের  দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে  নতুন চারটি বই বাদে প্রাথমিকের শতভাগ ও মাধ্যমিকের ৯৮ ভাগ বই ছাপা শেষে পৌঁছেছে সব উপজেলায়।


বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যবই বিতরণের রেওয়াজ প্রচলন রয়েছে  দীর্ঘদিন। সেই জায়গা থেকে সরে এসে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন পাঠ্যবই বিতরণ করার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।



প্রাপ্ত তথ্যমতে, বিনা মূল্যে বই বিতরণ শুরুর বছর ২০১০ সালে শিক্ষার্থীদের হাতে সব বই পৌছাতে সময় লেগেছিল ২১ জুলাই পর্যন্ত। এরপর ২০১১ সালে ১২ এপ্রিল, ২০১২ সালে ১৫ এপ্রিল, ২০১৩ সালে ৬ মার্চ, ২০১৪ সালে ১৮ মার্চ, ২০১৫ সালে ৫ মার্চ, ২০১৬ সালে ৬ মার্চ, ২০১৭ সালে ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ সালে ১৩ মার্চ, ২০১৯ সালে ১৭ এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল বই বিতরণে। এরপর করোনার কারণে ২০২০, ২০২১ সালে বই ছাপা ও বিতরণের শিডিউল ভেঙে পড়ে।  এই দুই বছরের বই ছাপা শেষ করতে জুলাই-আগস্ট পর্যন্ত সময় লেগে যায়। পরের বছর ২০২২ সালে ২৪ মার্চে এসে পাঠ্যবই ছাপা ও বিতরণ শেষ করে এনসিটিবি। এরপর ২০২৩ সালে ১৭ মার্চ, ২০২৪ সালে ৮ এপ্রিল ও ২০২৫ সালে ৭ ফেব্রুয়ারি বিনা মূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণ কাজ শেষ হয়।



সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বই যোগ করা হয়েছে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনার গন্ডি থেকে বের করে আনন্দের মাধ্যমে শেখা, শারীরিক ও মানসিক বিকাশ, সংস্কৃতিচর্চা এবং কারিগরি দক্ষতা অর্জনে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বই বাধ্যতামূলক হলেও বার্ষিক পরীক্ষা হবে না, হবে ধারাবাহিক মূল্যায়ন।



চাহিদা অনুযায়ী এসব বইয়ের ১ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপা হচ্ছে।  আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা শেষ করে বিতরণকেন্দ্রে পাঠানোর লক্ষ্য রয়েছে। হাতে খুব অল্প কয়েক দিন থাকলেও নতুন বইগুলো নির্দিষ্ট সময়েই যাবে বলে জানান সংশ্লিষ্টরা।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিকের শতভাগ বই ছাপানো শেষ। মাধ্যমিকের বই ছাপা শেষ হয়েছে ৯৮ ভাগ। ৩০ নভেম্বরের মধ্যে অধিকাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। নতুন চারটি বই আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা শেষে সারা দেশে পৌঁছে শেষ হয়ে যাবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর