পোশাক খাতে ৩০ শতাংশ উৎপাদন হ্রাস

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬


দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফলে বিদেশি ক্রেতারা তাদের আন্তর্জাতিক ক্রয়াদেশ বাতিল করতে বাধ্য হচ্ছেন। এতে শিল্প মালিকদের আর্থিক ক্ষতিতে ফেলার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ও নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে।

নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব এবং জ্বালানির তীব্র সংকটে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে কারখানা চালু রাখতে ও জাতীয় অর্থনীতি রক্ষায় সংসদে সাধারণ আলোচনার সিদ্ধান্ত চেয়ে নোটিশ দিয়েছে বিরোধী দল। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এই নোটিশ পেশ করেন।

 

নোটিশে উল্লেখ করা হয়, তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান  আসে এই খাত থেকে। এই খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। পাশাপাশি এর সঙ্গে বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। ফলে এই খাতের স্থায়িত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিবিড়তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

নোটিশে সংকট প্রসঙ্গে বরা হয়, বর্তমানে তীব্র জ্বালানি সংকটের কারণে এই খাত মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে কারখানাগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। এই পরিস্থিতির কারণে পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

শ্রমিক অসন্তোষের বিষয়টি তুলে ধরে নোটিশে বলা হয়, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার বর্ধিত ব্যয় এবং কর্মক্ষেত্রের নানা বৈষম্য ও দাবি নিয়ে আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সুসংগঠিত আলোচনা ব্যর্থ হচ্ছে। মালিকপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে একে কেন্দ্র করে বাংলাদেশকে রাজনৈতিকভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা চালানো হতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়।

ওদিকে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করা ও দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয় নোটিশে।  বলা হয়, এমন প্রেক্ষোপটে শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য তিন বছরের যে সময়সীমা ও সুযোগ দেওয়া হয়েছে, সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয় নোটিশে। পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করা সম্ভব। এ জন্য আগামী তিন বছরের জন্য একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত জরুরি ।

অর্থনীতির প্রাণকেন্দ্র পোশাক খাতের সংকট কাটিয়ে উঠতে, শ্রমিকদের জাতীয় কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে, নিরবচ্ছিন্ন জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর