একের পর এক ককটেল বিস্ফোরণে জনআতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬


রাজধানী ঢাকায় রোববার ( ৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত দেড়টার মধ্যে অন্তত ১১ জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসেও। একের পর এক ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় কিছুটা হলেও জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনোর বিষয়টি ভাবিয়ে তুলছে অনেককে।  এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, কেউ দায়ও স্বীকার করেনি। তবে  তিনজনকে আটক করার খবর জানিয়েছে পুলিশ।

যে ১১টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে, তার মধ্যে রয়েছে- মালিবাগে সিআইডি ও এসবি প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ক্যান্টনমেন্ট, ভাটারা, উত্তরা, তেজগাঁও শিল্পাঞ্চল, পান্থপথ ও খিলক্ষেত। স্কুলবাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে ভাটারা এলাকায়।

প্রাপ্ত তথ্যমতে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিং জোনে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়দের সহায়তায়  টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সন্ধ্যায় সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর টিএসসি এলাকায় পরপর দুটি, প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে বিস্ফোরণ ঘটানো হয় রাতে সাড়ে দশটার দিকে। এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১২টার পর মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।  তার আগে  রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  এরও আগে রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থানার কাছেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে এসে খিলক্ষেত থানার সামনের সড়কে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

 

বিডি২৪অনলাইন/ এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর