প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬


দেশে বর্তমানে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ দেয় নির্বাচন কমিশন ( ইসি)। সেই জায়গা থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে ইসি। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব এসেছে। তবে  এখনো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা  এই পরিকল্পনার কথা জানান। প্রাপ্ত তথ্যমতে, সম্প্রতি কমিশনের এক নীতি-নির্ধারণী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন। তার প্রস্তাব অনুযায়ী, ৬ থেকে ১৬ বছর বয়সীদের ডেটাবেজ তৈরির সুবিধার্থে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে এ নিবন্ধন কার্যক্রম  শুরু করা যেতে পারে।

বৈঠকে এ বিষয়ে একটি বিশদ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।  সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই বিষয়ে একটি কার্যকর সুপারিশমালা তৈরির জন্য এনআইডি অনুবিভাগের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ১৭ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হলেও ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে ভোটার হওয়ার সুযোগ নেই। তবে এ ক্ষেত্রে ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে বিভিন্ন নাগরিক সেবা ও পরিচয় নিশ্চিতের স্বার্থে ১৭ বছরের চেয়েও কম বয়সীদের এনআইডির আওতায় আনার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। সেই দাবির আলোকেই অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নিয়ে এগোচ্ছে কমিশন।

এদিকে ইসির সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর