গ্রামীণ
জনপদ নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, তার সরকার দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন পরিষদ নিরাপদ রাখতে কাজ
করছে। আর তৃণমূল মানুষের শান্তি ও নিরাপত্তা
রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অনেক বেশি।
৭
নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার রাজধানী ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশদের
মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তৃণমূলে
আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিক তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয়
পর্যায়ে কোথায় অপরাধ সংঘটিত হচ্ছে, কোথায় অপরাধের আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে আগেভাগে
তথ্য সংগ্রহ করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে পারে
গ্রাম পুলিশ ।
মহাসমাবেশে
গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বলেন,
এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান
১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল
বিল দেবে সরকার। নতুন এ সিদ্ধান্ত আজ শনিবার থেকেই কার্যকর হবে। গ্রাম পুলিশ সদস্যদের
থানায় যাতায়াত ভাত, অবসরকালীন আনুতোষিক ভাতা
বাড়ানোর কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রতিটি
ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর
ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নারী গ্রাম
পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হবে।
গ্রাম
পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে
নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই সড়কের দুই পাশে
গাছ লাগানো হবে। গাছ বিক্রি করে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের
মধ্যে বিতরণ করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে