জনমনে
আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই কয়েক দিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ
করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) এক
সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ
সম্মেলনে ঢাকা
মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের
প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে
পুলিশ। এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে নিষিদ্ধ
বিভিন্ন সংগঠন ও অঙ্গ-সংগঠনের
সদস্যরা রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ও আতঙ্ক ছড়াতে এসব কাজ করছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডিএমপির অপারেশনাল কার্যক্রম ও পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আতঙ্ক দূর করতে ডিএমপির মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি কড়া নজরদারি বজায় রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে