তৈরি
পোশাকশ্রমিকদের মাসিক মজুরি সর্বনিম্ন ৩২
হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। সোমবার (৯
নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ
প্রস্তাব দেন
শ্রমিক প্রতিনিধিরা। রাজধানী
ঢাকার সেগুনবাগিচায় এ
সভা হয়।
শ্রমিক প্রতিনিধিরা তাদের প্রস্তাবে শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।
প্রস্তাবিত মজুরি কাঠামো অনুযায়ী, বাকি দুই গ্রেড- গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবস সময় চেয়েছে। বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে।
নিম্নতম
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, মালিক ও শ্রমিক— উভয়
পক্ষের কাছ থেকে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ সময় চেয়েছে।
মজুরি নির্ধারণের আগে বোর্ড সরেজমিনে কারখানার পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের সঙ্গে ৪০ লাখ পরিবারও জড়িত। এ কারণে বাস্তব পরিস্থিতি যাচাই করতে বিভিন্ন কারখানা পরিদর্শন করা হবে চলতি সপ্তাহে ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে