ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬


দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।



সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।



ইউজিসি চেয়ারম্যান জানান, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। সব ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে।  এত খাতা পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।



এদিকে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাস বিবেচনায় রাখতে উপাচার্যদের বলা হয়েছে। পাশাপাশি এক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



সভায় ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও আলোচনা হয়। গত বছরের মতো বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত  হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর