বিরোধীদলীয় নেতার বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয়ভাবে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়ে সরকার গঠন করছে আওয়ামী লীগ। এ সংসদে বিরোধী দল বা বিরোধী দলীয় নেতা কে হবেন, সেটা নিয়ে কৌতুহলী সাধারণ মানুষ। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, সংসদে বিরোধীদলীয় নেতা কে হবেন, সেটা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন স্পিকার ও সংসদ নেতা।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

 

নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি জানান, দ্বাদশ সংসদে নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠন হবে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কী হবে, এটা তাঁর এখতিয়ার।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরই মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার সকালে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শপথ শেষে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের এমপিরা বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা, বর্তমান স্পিকার ও চিফ হুইপ পুনরায় স্পিকার ও চিফ হুইফ নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। আওয়ামী লীগের বাইরে বড় জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী- ৬২ জন, জাতীয় পার্টি ১১টি আর একটি করে আসনে জয় পেয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি । বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের নেতা। ফলে প্রশ্ন দেখা দিয়েছে সংসদে বিরোধ দল হচ্ছে কোন দল। গুঞ্জন ওঠেছে, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা নতুন কোনো মোর্চা করে সংসদে বিরোধী দলের ভূমিকায় আসতে পারে। ওদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানান, তার দল বিরোধী দলে ছিল এবং বিরোধী দলেই থাকতে চায়।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর