ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৫৭ বিদ্যালয়ে

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
১৫ নভেম্বর ২০২৬


নাটোরের গুরুদাসপুরে ১২১টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭ টিতে প্রধান শিক্ষকের পদ শুন্য। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম। এতে পাঠদান এবং মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে ব্যবস্থাপনা জটিলতা। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু সংকট নিরসনে বাস্তবভিত্তিক কোন উদ্যোগ নেই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭টিতে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন সহকারি শিক্ষকের পদও শূণ্য রয়েছে। তবে গত অক্টোবর মাসে শিক্ষা মন্ত্রনালয় নিয়োগ দেওয়ায় প্রাথমিকের শিক্ষক সংকট কিছুটা কমেছে।

অন্যদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্র বলছে, ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে মধ্যে ১০ টিতে প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। জ্যেষ্ঠ সহকারি শিক্ষক পদায়নের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে  স্কুল ব্যবস্থাপনা ও পাঠদান কার্যক্রমে  নেতিবাচক প্রভাব থাকছেই বলে ভূক্তভোগী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা মনে করছেন।

প্রধান শিক্ষক শুন্য ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের তালিকায় রয়েছে,  চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল ও কলেজ, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়,  হাঁসমারি মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, বিয়াঘাট উচ্চ বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয়, চাপিলা উচ্চ বিদ্যালয়, শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ধানুড়া উচ্চ বিদ্যালয়, নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাজিরপুর উচ্চ বিদ্যালয়। এর মধ্যে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল  বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় প্রধান শিক্ষকের পদ সাময়িকভাবে শুন্য রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্ঠরা বলছেন,- “নতুন বছরের শুরুতে শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছানো গেলেও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শুন্য থাকা, জানুয়ারি থেকে এপ্রিল-মে পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন,রাজনৈতিক অস্থিরতাসহ বিবিধ প্রতিকুল পরিবেশের চ্যালেঞ্জ সামনে রয়েছে। এসব মোকাবেলা করে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে উপস্থিতি  পাঠদান এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিতে পারে। এরইমধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শুন্য রেখেই নতুন বছরের পথ চলতে হবে। এর জন্য আমরা কতটুকু প্রস্তুত? সচেতন হতে হবে ছাত্র,শিক্ষক অভিভাবকদের।

উপজেলার বেশ ক’জন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান সময়ের শ্রেণি কার্যক্রম ও ফল বিপর্যয় নিয়ে তারা উদ্বিগ্ন। তারা শিক্ষকদের দক্ষতা, প্রাইভেট ও কোচিং বানিজ্য এবং দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন।

 নাম প্রকাশ না করার শর্তে অন্তত পাঁচজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি, মোবাইল আসক্তি, বেপরোয়া ও উগ্র আচরণ, মাদকাসক্তি,অভিভাবকদের অসচেনতা,সন্তানদের গতিবিধি নজরে না রাখা কারনে শিক্ষার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এর সাথে দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শুন্য, শিক্ষক স্বল্পতা, সময়মত  পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোও অনেকাংশে দায়ী।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, শ্রেণির পাঠদানের পাশাপাশি প্রশাসনিক-দাপ্তরিক কাজ সামলাতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতে হয়। দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হলে সেদিন বিদ্যালয়ের পাঠদান নিয়ে সমস্যা তৈরি হয়। তখন সহকারী শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়।” এ সমস্যার দ্রুত সমাধান চান তারা।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার বলেন,  মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রধান শিক্ষক, অধ্যক্ষসহ অন্যান্য শূন্য পদ পূরনের জন্য সরকারিভাবে (ঘঞজঈ)  লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তাঁদের মৌখিক পরিক্ষাসহ নিয়োগ প্রক্রিয়াধীন। আশা করা যাচ্ছে এ সমস্যার দ্রুতই সমাধান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, প্রাথমিক কিংবা মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক নিয়োগের ক্ষমতা তাঁর হাতে নেই। বিষয়টি সরকারের উচ্চ মহল অবগত। তবে দ্রুতই সংকটের সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর