ঘনীভূত হচ্ছে পোশাক খাতের অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬


দেশের রফতানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে অস্থিরতা থামছে না।  টানা ১৫ দিন শ্রমিকদের ব্যানারে আন্দোলন হচ্ছে। ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি নিয়ে এ আন্দোলন শুরু হয়।  সেই মজুরি নির্ধারণে ইতোমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে দিয়েছে। মজুরি নির্ধারণে কাজ করছে বোর্ড। কিন্তু তারপরও আন্দোলন চলমান থাকায় এই অস্থিতরতা জিইয়ে রাখার পেছেন উদ্দেশ্য থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে ১৪৭টি গার্মেন্টস ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। আন্দোলন অব্যাহত থাকলে রোববার থেকে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এ খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

 

অর্থনীতি বিশ্লেষক ও খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু পোশাক খাত নয়, পুরো অর্থনীতিতে সংকট তৈরি হবে।  তাই মজুরি বোর্ডের সুপারিশ পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করা উচিত বলেও মনে করছেন তারা।

 

প্রাপ্ত তথ্যমতে, গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকদের। সরকার যে মজুরি বোর্ড গঠন করে দিয়েছে তাতে শ্রমিক, মালিক এবং সরকারসহ সব পক্ষের প্রতিনিধি রয়েছেন। ইতোমধ্যে দুদফা বৈঠক করেছে বোর্ড। তারা সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পাবেন শ্রমিকরা। এরপরও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করছে শ্রমিক নামধারী একটি পক্ষ।

 

অস্থিরতার কারণে এ খাতে উৎপাদন কমছে। এতে শ্রমিক ও মালিক উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া অস্থিরতার কারণে বিদেশি ক্রেতাদের মধ্যে নির্ধারিত সময় পণ্য সরবরাহ করা নিয়ে আশঙ্কাও তৈরি হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু অর্ডার বাতিল করেছেন বায়াররা। নিশ্চিত হওয়া অর্ডারও  সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে।

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আগে যেসব বায়াররা তাদের পাশে থাকতেন এবং যে কোনো সংকট কাটাতে সহযোগিতা করতেন, এবার তাদেরও পাশে পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ, তাদের নিজেদের ব্যবসার অবস্থাও ভালো নয়। বাজার পরিস্থিতি খারাপ, বিক্রিও কম। অন্যদিকে প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক ভালো দামে পণ্য সরবরাহ করছে। পাশাপাশি দিচ্ছে বিভিন্ন ধরনের সুবিধাও। এর সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের হিসাবে, এ ধরনের সংকটের প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা যায় না। একটি বা দুটি মৌসুম পার হওয়ার পর  প্রকৃত প্রভাব বোঝা যায়। কারণ, এর মধ্যে স্যাম্পলিং ও অর্ডারসংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, চলমান শ্রমিক অসন্তোষের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটার পরিমাণ এখনই পরিমাপ করা সম্ভব নয়। তাছাড়া অর্থনৈতিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হবে দেশের ভাবমূর্তি সংকট। ক্রেতারা যখন সময়মতো পণ্য পাবেন না কিংবা এ ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়বেন, তখন সংশ্লিষ্ট দেশকে ঝুঁকিপূর্ণ সোর্সিং কান্ট্রি হিসাবে বিবেচনা করবেন তারা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর