ঢাকাকে
বাসযোগ্য করতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শনিবার
(১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে ‘ক্লিন
ঢাকা ও গ্রিন ঢাকা’ নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের
কথা তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী
জানান, ‘ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে ইতোমধ্যে অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে রাজধানীতে।
বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা এই কমিটিতে রয়েছেন। ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ
বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।
রাজধানীতে
৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব
দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও জানান, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার
জন্য আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা
থাকলেও ঢাকা উত্তরে নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।
সরকারি
কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ
বাতিল করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ঢাকাকে
একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। সবার সম্মিলিত সহযোগিতায়ই
ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে