বার্ষিকের ফল ঘোষণার দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬

 

আগামী ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে  প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শতভাগ বই ইতোমধ্যে ছাপা শেষ হয়েছে। প্রাথমিকের ৯৮ দশমিক ৪০ ভাগ  এবং মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি) ৮০ দশমিক ৩০ শতাংশ পাঠ্যবই ছাপা হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় ২৫ কোটি পাঠ্যবই ছাপা হয়েছে। এখনো প্রায় ৬ কোটি বই ছাপা বাকি আছে। বাকি পাঠ্যবই ছাপানোয় গতি বাড়াতে ২৩টি ছাপাখানাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এক্ষেত্রে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য এনসিটিবির শীর্ষ ৪ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, মাধ্যমিকের পাঠ্যবই ছাপানোর কাজ পাওয়া শতাধিক প্রেসের মধ্যে এ পর্যন্ত ৪৩টি ছাপাখানা শতভাগ পাঠ্যবই সরবরাহ করেছে। মুদ্রণ শিল্প সমিতির একজন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে,  ছাপাখানাগুলোর প্রতিদিন ৪০ লাখ পাঠ্যবই ছাপানোর সক্ষমতা রয়েছে।  ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সব বই সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তথ্য অনুযায়ী, প্রাথমিকের  দ্বিতীয় শ্রেণির ৯৮ দশমিক ৮০ শতাংশ, তৃতীয় শ্রেণির ৯৮ দশমিক ১৫ শতাংশ, চতুর্থ শ্রেণির ৯৮ দশমিক ১০ শতাংশ ও পঞ্চম শ্রেণির ৯৮ দশমিক ০৬ শতাংশ পাঠ্যবই ছাপানোর কাজ শেষ হয়েছে। প্রাথমিকের ৯৮ দশমিক ৪০ ভাগ পাঠ্যবই ছাপা শেষে সারা দেশে সরবরাহ করা হয়েছে।  

মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি) ছাপা শেষে হওয়া ৮০ দশমিক ৩০ শতাংশ পাঠ্যবইয়ের মধ্যে ৭৬ দশমিক ৪৮ শতাংশ পাঠ্যবই পিডিআই শেষে সারা দেশে সরবরাহ করা হয়েছে। এবার প্রাথমিক স্তরের বই ছাপার কাজ পাওয়া মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৮২ শতাংশই মাধ্যমিক স্তরের বই ছাপার কাজও পেয়েছে। ফলে প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হওয়ায় এসব প্রতিষ্ঠান এখন মাধ্যমিকের বই ছাপায় বেশি গুরুত্ব দিচ্ছে। প্রাথমিকের পাঠ্যবই চার রঙে ছাপা হলেও মাধ্যমিকের বই এক রঙে ছাপা হয়। ফলে মাধ্যমিকের বই ছাপার কাজও এখন দ্রুত শেষ করা সম্ভব হবে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর