এমপি নুসরাতের বাড়িতে পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত মেলেনি

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬


সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত মেলেনি। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রাথমিক  তদন্তে এ তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  জাতীয় সংসদে  এ তথ্য  জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে তার বাবা-মা  থাকেন। ওই টিনশেড বাড়িতে কেউ থাকতেন না, সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল। পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মন্ত্রী আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার,  ওসি, এসপি এবং বিজিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে স্থানীয় ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর