সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি, উত্তপ্ত সংসদ

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬


সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সারের ২৮ জন ডিলারের সবাই বিএনপির। শুধু তাই নয়, সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিরা ডিলারশিপ পেয়েছেন, এমন সংখ্যা ১০ জন। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ১৫টি ইউনিয়নের বিপরীতে কেউ কেউ ৩০টি পর্যন্ত ডিও দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার এই বক্তব্যকে  কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ।  হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা। এ সময় সংসদে দফায় দফায় হট্টগোল ও উচ্চস্বরে চেঁচামেচি  হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন,  বর্তমান  সরকারের সার ডিলার নিয়োগে আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে আবার সুযোগ পান, সে ব্যবস্থাও মন্ত্রণালয় করে দিয়েছিল। সার ডিলারের এসব নিয়োগ সুপরিকল্পিত ছিল কি না এবং ডিলারশিপগুলো আবার পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান হাসনাত আবদুল্লাহ।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্যের প্রশ্নে সারের ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ করার কথা এসেছে। তারা চান, মানুষ উৎসবের মতো ডিলার নিয়োগে অংশ নিক।



উৎসবকে নিজে ভালো অর্থে বুঝেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন...। মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন।

 

এদিকে হট্টগোল পরিস্থিতির মধ্যেই কৃষিমন্ত্রী জানান, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।

 

মন্ত্রী আরও জানান, সারের ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল।  প্রথমে আবেদন জমা পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখান থেকে তা ইউএনওর কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে।

 

মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে আবেদন জেলা পর্যায়ের কমিটিতে যায়।  জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

এদিকে মন্ত্রীর জবাব দেওয়ার সময় বিরোধী দলের সদস্যরা হট্টগোল করতে থাকলে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের কথা বলার যেমন অধিকার রয়েছে, তেমনি জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা না থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের।

 

ওদিকে মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তপ্ত পরিস্থিতি চলতে থাকে। এ সময় বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন। উনার উত্তর শুনেন। পরে তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর