দেশের
সব বেসরকারি স্কুল
ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী
ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায় করলে বাতিল
করা হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের
এমপিও । সেই সঙ্গে নেওয়া হবে আইনানুগ
ব্যবস্থা। তাছাড়া একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে
পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, ভর্তির ক্ষেত্রে অনলাইনে আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায় করতে পারবে।
সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা নেওয়া যাবে। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে।
অন্যদিকে, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। উন্নয়ন ফির নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে তাদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে