রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়ে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে উদ্যোগ গ্রহণ করে। এ পর্যন্ত বিগত সরকারের সময়ে রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক এমপির এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আইনমন্ত্রী আরও জানান, রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কিনা, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে।
পরবর্তীতে জেলা কমিটিগুলোর সুপারিশে পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছর ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। মামলা প্রত্যাহারের আবেদনপ্রাপ্তি এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে, তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নির্ধারিত নিয়মে আবেদন না করায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে জামায়াতে ইসলামীর কিছু রাজনৈতিক মামলা প্রত্যাহার করা যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে