শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬


দেশের ৬টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ৬টি  বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা সুনিশ্চিত করতে এ পরিকল্পনা করা হয়েছে। এসব হাসপাতালে  ১০০ শয্যা থাকবে। এখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

 

প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এ হাসপাতালগুলো স্থাপন করা হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সরকারের এই পরিকল্পনার কথা সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে বিষয়টি জানান প্রধানমন্ত্রী। অধিবেশনে  ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

 

সংসদে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও  জানান, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে। শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। শ্রমিকসমাজসহ দেশের প্রতিটি মানুষের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

  

সংসদে দেওয়া বক্তব্যে অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট ও খাতভিত্তিক সংকটের  চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,  অতীতে এমন সব ইচ্ছাকৃত নীতি বা পলিসি গ্রহণ করা হয়েছিল,  ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটা সম্ভব হয়নি। একইভাবে চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু গড়ে উঠেছিল, স্বৈরাচারের আমলে তা পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই  শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর