একটা
গাড়ির ছাদের ওপরে ককটেল বিস্ফোরণ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না। রাতের অন্ধকারে এক-দুটি গাড়িতে
আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।
মঙ্গলবার
(১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল
পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার
।
ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে থেকে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সঙ্গে এটাও বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সঙ্গে তাদের সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।
আইনশৃঙ্খলা
পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে একটি পত্রিকায় যে
প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইট
থেকে পাওয়া ডেটা সঠিকভাবে
বিশ্লেষণ করলে দেখা যাবে বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সাথে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা
না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, দেশের ভেতরে কিংবা বাইরে থেকে কোনও ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয়
পদক্ষেপ নেবে সরকার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে