কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ২৩ বছর। তার মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।
পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের একপর্যায়ে বিষয়টি তার মা দেখে ফেলেন। পরে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, “১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিন মাস ১৫ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। এছাড়াও সুমাইকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তার মাকে হত্যার দায়ে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।”
বিডি২৪অনলাইন/সি/এমকে