প্রত্যেক এমপি বরাদ্দ পাচ্ছেন ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬


দেশের মোট ৩শ‘ সংসদ সদস্যের (এমপি) প্রত্যেককে বার্ষিক পাঁচ কোটি টাকা বিশেষ বরাদ্দ পাচ্ছেন। তৃণমূল পর্যায়ে জনগণের তাৎক্ষণিক ও জরুরি চাহিদা মেটাতে এ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার বিভাগ।  এদিকে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে ৮ বিভাগে দুটি করে মোট ১৬টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে প্রতিটি সংসদীয় আসনের জন্য বছরে ১০ কোটি টাকা করে পাঁচ বছরে মোট ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। এ অর্থ দিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজের প্রস্তাব দিতে পারবেন।

 

প্রাপ্ত তথ্যমতে,  প্রত্যেক এমপিকে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দিতে মোট দরকার হবে ১ হাজার ৫০০ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে  এ বিষয়ে দুটি আলাদা চিঠি পাঠানো হয়েছে।  উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এ বিশেষ বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে।

 

চিঠিতে বলা হয়, এই অর্থ থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন তারা।

 

চিঠিতে জানানো হয়েছে,  তৃণমূল পর্যায়ের মানুষ তাদের ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো সংসদ সদস্যদের কাছে উপস্থাপন করছেন। সংসদ সদস্যরা  মানুষের সমস্যা শুনছেন ঠিকই, কিন্ত তাদের বর্তমান ‘ঐচ্ছিক তহবিল’ অত্যন্ত সীমিত হওয়ায় এই বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলে ৫ লাখ টাকা বরাদ্দ থাকে। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক ৫ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।

 

এদিকে সংসদ সদস্যদের সরাসরি এ ধরনের বরাদ্দ দেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এতে উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীন কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিও বাড়তে পারে।

 

বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিবর্তে সরাসরি আইনপ্রণেতাদের হাতে উন্নয়ন বরাদ্দ ন্যস্ত করা হলে তা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতির পরিপন্থী হতে পারে। একই সঙ্গে বরাদ্দের ব্যবহার ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

অতীতে দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল। এই অর্থ ভিন্ন খাতে ব্যবহার হয় বলে গণমাধ্যমেক জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থের অপচয়ের সুযোগ সৃ্ষ্টি হয়।

 

ওদিকে সংসদ সদস্যদের জন্য যে ১৬টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে প্রতিটি বিভাগের শহরাঞ্চলের সংসদীয় আসনের জন্য একটি এবং বাকি একটি শহরের বাইরের আসনগুলোর জন্য নেওয়া হবে।

 

প্রাপ্ত তথ্যমতে, সে প্রকল্পের ভিত্তিতে সংসদ সদস্যরা তাঁদের নির্বাচনী এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার ও ঘাটের উন্নয়নের তালিকা দেবেন। সেই তালিকা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। দ্রুত এটি  একনেক সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর