প্রবাসী কার্ড ইস্যুতে সতর্ক থাকতে বললো প্রবাসী মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬


প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ড সংক্রান্ত বিভিন্ন মিথ্যা তথ্য, বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র। এমন পরিস্থিতিতে  এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কবার্তা দেওয়া হয়।  এতে বলা হয়,  ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। এছাড়া এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।  তাই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য  সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং সুবিধাগুলো সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইতোমধ্যে কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর