লক রয়েছে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬

 

দেশের প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সফটওয়্যার জটিলতার কারণে লক হয়ে রয়েছে।  কবে নাগাদ এসব এনআইডি সচল  হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।  উদ্ভূত সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলেও জানান তারা।

 

জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়ার পাশাপাশি অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়াসহ বিভিন্ন কারণে  এনআইডি লক হয়ে রয়েছে।  লক হওয়া এনআইডির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দ্বৈত ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুদকের মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  আপত্তির কারণেও কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।

 

দ্বৈত ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে,  তথ্য যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান  করা যাবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর