ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহার করে জামানত ছাড়াই সর্বোচ্চ ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন নির্দিষ্ট শ্রেণির গ্রাহক। এ ঋণ পরিশোধের জন্য সময় পাওয়া যাবে সর্বোচ্চ ১২ মাস।
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এভাবে ঋণ দেওয়ার উদ্যোগ আবার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৫ নভেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
প্রাপ্ত তথ্যমতে, পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ঋণ বিতরণ করা যাবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে তহবিল পাবে। আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ পুনঃঅর্থায়ন সুবিধা চালু থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে