নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। বিমানটিতে থাকা কেউই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেননি। সোমবার (৫ অক্টোবর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
খবর অনুযায়ী, নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। এদিকে এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। এ নিয়ে এক বিবৃতি দিয়েছেন তিনি।
দেশটির বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, এডো রাজ্য থেকে লাগোসের উদ্দেশে যাত্রা করার পর পথে ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, এডো থেকে লাগোস যাওয়ার মাঝপথের কোনো এক স্থানে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি নৌ-ঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
দুর্ঘটনাকবলিত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। তারা বলছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করা হয়।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে