প্রথম নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কোর সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬


প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা এজ্জাহরা এল মানসুরিকে নিয়োগ দিয়েছেন মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ । গত সপ্তাহে সংসদীয় নির্বাচনে ফাতিমা মানসুরির দল জয় পাওয়ার পর তাকে সরকার গঠনের এ দায়িত্ব দেওয়া হয়।  এর মধ্য দিয়ে আরব বিশ্বে দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন তিনি। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, নির্বাচনে ফাতিমা মানসুরির দল মধ্যপন্থি ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) সর্বাধিক আসনে জয়লাভ করেছে। এদিকে রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে ৫০ বছর বয়সী এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে নগর পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে টেলিভিশনে দেওয়া এ বক্তব্যে প্রধানমন্ত্রী পদে নিজের নিয়োগকে  ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মানসুরি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’

প্রসঙ্গত, নির্বাচনে মানসুরির দল  সবচেয়ে বেশি ভোট পেয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টি পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসনের চেয়ে অনেক কম আসন পেয়েছে পিএএম। তাই সরকার গঠন করতে দলটিকে জোট করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে এল মানসুরির প্রথম কাজ হবে সেই জোট গঠন করা।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর