মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। দেশটির রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বশীল ব্যক্তি ওয়াই হুন আং হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।
হামলা চালানোর স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে ছিল, চলমান সশস্ত্র সংঘাতের সঙ্গে ওই এলাকার সরাসরি কোনো যোগসূত্র বা সম্পৃক্ততাও ছিল না বলে জানা গেছে। এ হামলার বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে