মেধা-উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হতে হবে শিক্ষার্থীদের

মামুন রণবীর, দুর্গাপুর (নেত্রকোণা)
২৮ সেপ্টেম্বর ২০২৬


 

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না, মেধা, মনন, মানসিকতার বিকাশ এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।  শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন,  দুর্গাপুর ও কলমাকান্দা দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদ। এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ বিবেচনায় বিদ্যালয়ের সামনের রাস্তাটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।

ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোন পরিবারের সদস্য বা স্বজন মাদকের সঙ্গে জড়িয়ে থাকলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উৎসাহিত করতে হবে। প্রত্যেক মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মর্যাদা অক্ষুণ্ন রাখতে সৎ, মানবিক ও দায়িত্বশীল জীবনযাপন করতে হবে।

অনুষ্ঠানে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি আইনুল হক বুলবুলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  বজলুর রহমান আনসারী।  মতবিনিময় সভায়  বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর