দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতুর উদ্বোধন

মামুন রণবীর, দুর্গাপুর (নেত্রকোণা)
১৫ নভেম্বর ২০২৬

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দেশের  দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে।  প্রায় ২৪ লাখ টাকা  ব্যয় বরাদ্দে  সেতুটি রোববার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এই সেতু নির্মাণ করা হয়।   সেতুটি শিবগঞ্জসহ আশপাশের এলাকার প্রায় ৮০ হাজার মানুষের দুর্ভোগ লাঘবে যাতায়াতে নতুন দিগন্ত সুচনা করেছে।

 

এই সেতু দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন পারাপারে সামান্য টোল আদায় করা হবে। তবে টোল থেকে প্রাপ্ত লভ্যাংশের পুরো অর্থ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানান সেতু কতৃপক্ষ।

 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ, আজ দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন  করলেন স্কুলের শিক্ষার্থীরা। তিনি দুর্গাপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করি এবং মানবিক দুর্গাপুর গড়ে তুলি।

 

ডেপুটি স্পিকার বলেন, স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে। আশা করি ২০২৯ সনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ । সবার সদয় সহযোগিতা বিনীতভাবে কাম্য।

 

সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু পরিচালনা কমিটির সদস্যরা।


মন্তব্য
জেলার খবর