একদিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি) মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নতুন ডিসি হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে এবং এসপি হিসেবে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বলা হয়, গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। আর এসপি মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে।
রোববার সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলে দলে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। শহরের সড়কসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।