সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬


দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি ও নিরাপত্তা জোরদার করা হয়।

 বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয় বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে। জানা যায়, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওদিকে দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

 


মন্তব্য
জেলার খবর