সারা দেশে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তাদের নিজে এলাকায় মাঠে থাকতে বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী । সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে এ সভা হয়।
সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এ ঘটনায় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি। সভায় একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে। প্রশাসন কথা শোনে না— কয়েকজন সংসদ সদস্যের এমন বক্তব্যে কিছুটা বিরক্তি ও উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে বলেন, আপনারা সরকারি দলের সংসদ সদস্য। আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? তারা আপনাদের কথা শুনতে বাধ্য। প্রশাসন কথা না শুনলে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে