গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আজ হোক বা কাল হোক,
প্রতিটি ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড
দেখে আইনের আওতায় আনা হবে। কেউ থানা কিংবা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে কোনো ছাড় দেওয়া হবে না। আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয়
বলপ্রয়োগ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সরকারের
নীতি হলো, একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জন অপরাধীর
বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে।
মঙ্গলবার
(১৭ নভেম্বর) জাতীয় সংসদে
এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার আগে গোপালগঞ্জের ঘটনা
তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর
আমির ডা. শফিকুর রহমান। বলেন, সেখানকার পরিস্থিতি
মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও এবং হামলা চালায়। এ সময় পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। পরবর্তীতে থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। ঘটনাটি রাতেই সংসদে তুলে ধরেন বিরোধী দলীয় নেতা।
সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশে অগ্নিকাণ্ড ও নাশকতা ঘটাতে সীমান্তের ওপার থেকে ‘মেসেজ’ বা বার্তা দিচ্ছেন সাবেক এমপি-মন্ত্রীরা। আগুন দিয়ে মানুষ পোড়ানো আওয়ামী লীগের পুরোনো স্বভাব ও চরিত্র। আওয়ামী লীগ চাইছে, বর্তমান সরকার যেন তাদের কায়দায় রাজপথে গুলি চালায়।
তিনি বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। দেশের মানুষ রাজপথে আর কোনো আন্দোলনকারীকে হত্যার ঘটনা দেখতে চায় না। তিনি বলেন, সরকার এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি, যাতে দেশের সাধারণ মানুষ বুঝতে পারে আওয়ামী লীগ কী চায়। হুমকি দিয়ে, আগুন লাগিয়ে কিংবা একটি টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়ে আওয়ামী শক্তি যদি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তবে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।
আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যে ডিসেম্বরে আসব বলে আওয়াজ দিচ্ছে। এভাবে “আসিব আসিব” বলে দেশে এখনো যারা বনজঙ্গলে পালিয়ে আছেন, সেই নেতা-কর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। দেশে গণহত্যা চালানোর কারণে পতিত এই ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে। যারা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, তারা দেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবেন না। সীমান্তের ওপার থেকে আসা উসকানির ফাঁদে পা না দিতে গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে