রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬


স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষে করতে  চায় সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে,  দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট  হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন হবে, সে-সংক্রান্ত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ করা হবে। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন,  তার সব ধরনের পদক্ষেপ নেবে  কমিশন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর