সব জেলায় একই সঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬


দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী  ২৭ মের মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছে।  মোট ৫ ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনের ১ম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি। সব জেলায় একই সঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদর সংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হওয়ার কথা ছিল বা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে ভোট গ্রহণ করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি ভোটের দিন হচ্ছে বৃহস্পতিবার।

সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে তপশিল ঘোষণা করা হবে করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আরও বলেন, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন।  ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পূর্ণ সক্ষমতায় ছাপানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।  মৃত ভোটারদের তথ্য ভোটার তালিকা থেকে দ্রুত বাদ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের ১৩তম সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও আলোচনা হয়েছে। কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংরক্ষিত এসব যন্ত্র নিয়ে এখনো বিভিন্ন জটিলতা রয়েছে। এ সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সেগুলো পরবর্তী সভায় আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর