হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আশঙ্কাজনক হারে বেড়েছে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা। গত ৭ থেকে ১৫ নভেম্বর- এই ৯ দিনে সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানা গেছে। ধারাবাহিক এই নাশকতায় জননিরাপত্তা, গণপরিবহন চলাচল এবং স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ডিসেম্বর সামনে রেখে দেশে অস্থিতরতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি চক্র এই ধরণের নাশকতা করছে বলে ধারণা করা হচ্ছে।
পরিসংখ্যান
বিশ্লেষণে দেখা যায়, সময়ের সঙ্গে নাশকতার মাত্রা বেড়েছে। ১১ নভেম্বর পুলিশ
সদর দপ্তরের তথ্যের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়, ৭ থেকে ৯
নভেম্বর- তিন দিনে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯টি বাসে
আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ১১টি মামলা ও ২৯ জনকে
গ্রেপ্তার করা হয়। এরপরের ৬ দিনে (৯-১৬ নভেম্বর) পরিস্থিতির
আরও অবনতি হয়, বিস্ফোরণ
ও অগ্নিসংযোগের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে ঢাকায় স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর
আশপাশে বিস্ফোরণের ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। বিশেষ করে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা অনেককেই
ভাবিয়ে তুলেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবনসংলগ্ন এলাকা এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের
কাছেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাপ্ত
তথ্যমতে, ১৫ নভেম্বরের আগের ৯
দিনে এসব সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের
ঘটনায় সারা দেশে ২১টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযান
চালিয়ে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার
করা হয়েছে।
এদিকে ক্রমবর্ধমান এই ধরণের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। উদ্ভুত পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও সব রেঞ্জ ডিআইজিদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে নাশকতাকারীদের দ্রুত গ্রেপ্তার, রাত্রীকালীন টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে প্রতিটি ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্ত করতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দেশের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে