কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬


সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। নানা উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। বিশেষ করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলটির  ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশজুড়ে এক ধরণের চাপা আতঙ্ক বিরাজ করছে। লকডাউন ঘিরে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। লকডাউন ঘিরে রাজনৈতিক অঙ্গনেও  নতুন উত্তাপ বিরাজ করছে।

এদিকে নাশকতার যে কোনো অপচেষ্টা রুখতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।  বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গোয়েন্দা তথ্য ও নাশকতার পরিকল্পনা মাথায় রেখে ঢাকাসহ সারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউন ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। ঢাকার বাইরে দেশের জেলা পর্যায়েও কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে  সহিংসতার ইতিহাস থাকা এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রাপ্ত  তথ্যে এসব জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছেন  গোয়েন্দা সংস্থার সদস্যরা । যারা পেছন থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী গ্রেফতার অভিযান চলছে  বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, ৭ থেকে ১৭ নভেম্বর- এই ১০ দিনে সারা দেশে ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৫৭টি পরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে, ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

২৪ ঘণ্টায় কেবল রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৭১ নেতাকর্মী রয়েছে।  গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠনের ২০ জনের কাছ থেকে তাজা ককটেলও উদ্ধার করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযানও অব্যাহত রয়েছে। নিষিদ্ধ দলের লকডাউন বা কোনো ধরনের বিশৃঙ্খলার পরিকল্পনা সফল হতে দিতে চায় না পুলিশ।

পুলিশের আইজি আলী হোসেন ফকির গণমাধ্যমকে জানিয়েছেন, জনগণের জানমাল রক্ষা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারি ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। কেউ আইন হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখালে, সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি বা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালালে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অরাজকতা সৃষ্টিকারীদের যে কোনো মূল্যে দমন করতে মাঠ পযায়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর