দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দুষলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়। তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক নেই। এটার জন্য বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।
নাহিদ আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সাথে প্রতারণামূলক কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি সরকার নির্বাচিত হয়ে আসার পরে আইনশৃঙ্খলার পরিবেশের আরও বেশি অবনতি হয়েছে। তারা নিজেদের দলীয় নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলেও জানান তিনি।
দেশের সাম্প্রতিক কিছু ঘটনার উদাহরণ দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, সারা দেশে এক ধরনের নৈরাজ্য। দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে বলে মনে হচ্ছে না। এটার জন্য বর্তমান সরকার দায়ী। আমরা মনে করি দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে