সংবিধান সংশোধন

রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে হবে গণভোট

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬


আগামী ডিসেম্বরে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। এরপর  ওই সংশোধনী বিল আকারে আনা হবে জাতীয় সংসদে। আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় অধিবেশনে ওই বিল পাশ হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে আয়োজন করা হবে গণভোট। সংবিধানের মৌলিক পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে হবে এ গণভোট।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেশের প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির। সেই বৈঠকে কমিটির পক্ষ থেকে  এমন তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিরোধী দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা,  প্রধানমন্ত্রী ও দলের প্রধান হিসাবে একই ব্যক্তির না থাকা, গণমাধ্যমের স্বাধীনতাসহ বেশকিছু সংশোধনীর সুপারিশ  করেছেন তারা।  সংবিধান সংশোধন কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রথমে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করল বিশেষ কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউএজ সম্পাদক নুরুল কবির, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমাদ, সমকাল সম্পাদক শাহেদ মো. আলী, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, সাবেক গণমাধ্যম কমিশনের প্রধান কামাল হোসেন প্রমুখ।

 

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ  বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিষয় বলা ছিল। সেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে উঠিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানের পর সেই ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করতে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। এটা সংবিধানে আসবে।

সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদসহ কিছু জায়গায় সংসদ কোনো পরিবর্তন আনলে সেক্ষেত্রে গণভোটে দিতে হবে উল্লেখ করে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  সংসদে বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সই করার আগে এই গণভোটে দিতে হবে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।

মন্ত্রী জানান, ঐকমত্য কমিশনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ আরও দুটি অনুচ্ছেদ যুক্ত করার প্রস্তাব দিয়েছিল বিএনপি। ভবিষ্যতে এগুলো  পরিবর্তন আনতে হলে সাংবিধানিকভাবে গণভোট দিতে হবে।

সংবিধানের পুরো সংশোধনীর ওপর গণভোটের প্রয়োজন হবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান সংশোধনী বিল পাশ হওয়ার পর যে অনুচ্ছেদগুলোতে পরিবর্তন এলে গণভোটের প্রয়োজন, সে অনুচ্ছেদগুলোতে পরিবর্তন আনলেই কেবল গণভোট করতে হবে।

তিনি বলেন, বিশেষ কমিটি ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে উপস্থাপন করতে চায়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একটি বিল আনবে। বছরের প্রথম অধিবেশন জানুয়ারি সেশনেই বিলটি  আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর