গুরুদাসপুরে মাদক মামলায় দুই ছেলেসহ নারী গ্রেফতার

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
২৭ সেপ্টেম্বর ২০২৬


নাটোরের গুরুদাসপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে  দুইভাইসহ তাদের মাকে গ্রেফতার করেছে  পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার যোগেন্দ্র নগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় মাদক বিক্রির মুলহোতা পরিবারের প্রধান শহিদুল ইসলাম ভম্বু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা- এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ভম্বুর স্ত্রী তানিয়া আক্তার সুর্য ও  তার দুই ছেলে সম্রাট হোসেন ও শান্ত ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, যোগেন্দ্র নগর গ্রামে শহিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত। ওই পরিবারের সদস্যদের নামে ১৩ টি মামলা রয়েছে।

নামপ্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান,  তারা আটক হলেও জামিনে বের হয়ে আবার পুরনো ব্যাবসায় জড়িয়ে পরে। শুধু মাদক নয়, এলাকায় নানা অপকর্মের সাথেও তারা জড়িত। দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তাদের।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আফরোজ জানান, অপরাধীরা দায় স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শহিদুল ইসলাম ভম্বু ও তার পরিবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামে ডজন ডজন মামলা রয়েছে। আটক ভম্বুর স্ত্রী ও দুই ছেলেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর