দেশজুড়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬


রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশজুড়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠছে বিএনপির নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে। ফুটপাত থেকে শুরু করে বাস টার্মিনাল, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, কেবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ড নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যেও প্রতিযোগিতা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। অভিযোগ- দৈনিক, মাসিক ও এককালীন চাঁদাবাজি চলমান থাকলেও সেটা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও স্বাভাবিকতা পেয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত হিসেবে দেখছে সংস্থাটি। তাদের মতে, এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির উদ্যোগ নেওয়া উচিত।

টিআইবি জানায়, রাজধানী ঢাকায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে একটি প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের অভিযোগ উঠেছে। প্রায় ৫০ বছর ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা এমন প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত।

এদিকে কিশোরগঞ্জের জলমহাল নিয়ে সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরে ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছে না টিআইবি। সংস্থাটির পযবেক্ষণ অনুযায়ী, এসব চব্বিশের আগস্টের পর থেকে ঘটে চলা ঘটনাবলির ধারাবাহিকতা। এ ধরনের ঘটনা সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ ও সদিচ্ছাকে ম্লান করার পাশাপাশি জনগণের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।

রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে না পারলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার আশঙ্কা করছে টিআইবি। বলছে, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও দখলবাজি ও চাঁদাবাজি প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। অবিলম্বে প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর