দেশে
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে কৃষকের উৎপাদন ব্যয়ের বড় একটি অংশ কমানো সম্ভব বলে
জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
অমিত। তিনি বলেন, এতে কৃষি উৎপাদন ব্যয় কমবে
এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ডিজেল পাওয়া গেল কি না, ডিজেলের দাম কত কিংবা
বিদ্যুতের দাম কত, সেচের খরচ তার ওপর নির্ভরশীল থাকবে না।
শনিবার
(২৬ সেপ্টেম্বর) যশোরের ধর্মতলায় এক কর্মশালায় এসব কথা বলেন। কৃষির উৎপাদন খরচ কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত
এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর
ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী
বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাইলট প্রকল্প রয়েছে। বিভিন্ন এনজিওরও পাইলট প্রকল্প
আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এসব উদ্যোগের পরিধি বাড়াতে চায় সরকার। এনজিওগুলোকে
দাতা সংস্থার অর্থায়ন ও ফান্ডিং কাঠামোর মাধ্যমে সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও
জানান তিনি।
আগামী
মাসের প্রথম দিক থেকে প্রধানমন্ত্রী তার নিজের বাড়িতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে
উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, দায়িত্বশীল নাগরিক
হিসেবে প্রত্যেকের নিজের বাড়ি থেকেই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ শুরু করা
প্রয়োজন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে