দেশে রাজনৈতিকভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে। অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল অনেক পুলিশ সদস্যকে। তবে এখন নিজেদের সংশোধন ও নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে তাদের সামনে। আগামী ৩১ ডিসেম্বর আসার আগেই পরিবর্তনটা দেখাতে হবে তাদের। পুলিশকে স্বাধীনভাবে ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে বর্তমান সরকার । কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্ব পালনে ব্যর্থতা বা অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পানিশমেন্ট-রিওয়ার্ড চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো ধরনের অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে হবে। দেশের জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরো সক্রিয় হতে হবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। আবার অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডেও আশ্রয় দেওয়া যাবে না, যা সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি করে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে