হঠকারী সিদ্ধান্তে বেকায়দায় ৩০ ব্যাংকের লাখ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৬


বাংলাদেশ ব্যাংক কিংবা সাধারণ গ্রাহকদের আগাম না জানিয়ে এটিএম বুথ, কার্ড ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা বন্ধ রেখেছে ৩০টি বাণিজ্যিক ব্যাংক। কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এসব সেবা হঠাৎ থমকে যাওয়ায় প্রয়োজনে টাকা তুলতে গিয়ে দেশজুড়ে চরম ভোগান্তি ও ক্ষোভের মুখে পড়েছেন এসব ব্যাংকের লাখ লাখ গ্রাহক।

জানা গেছে, রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা বন্ধ রাখা হয়েছে।  আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত টানা প্রায় ছয় দিন এসব সেবা পাওয়া যাবে না। নিরাপত্তা জোরদার, কিউক্যাশ নেটওয়ার্কের আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে  সাময়িকভাবে এ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বা গ্রাহককে না জানিয়ে  একসঙ্গে এতোগুলো ব্যাংকের আর্থিক সেবা বন্ধ করার মতো নজিরবিহীন ও সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার ঘটনাকে বেশ নেতিবাচক ও গর্হিত পদক্ষেপ হিসেবে দেখছে বোদ্ধা মহল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন চলতে পারে। কিন্তু  এত বড় একটি পদক্ষেপ নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। তাছাড়া গ্রাহকদেরও কোনো আগাম সতর্কবার্তা বা গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি এ বিষয়ে। ফলে হঠাৎে এসব সেবা অচল হয়ে পড়ায় দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অত্যন্ত কঠোরভাবে নিয়েছেন এবং ব্যাংকগুলোর এমন একক ও খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

এদিকে সেবা বন্ধ হওয়ার পর রোববার থেকে দায়সারাভাবে কয়েকটি ব্যাংক তাদের  গ্রাহকদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে সেবা সীমিত থাকার বিষয়টি জানাতে শুরু করে বলে জানা গেছে। পাঠানো বার্তায় উল্লেখ করা হয়, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।  কিউক্যাশ নেটওয়ার্কের আওতায় থাকা এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনাল পুরোপুরি অকার্যকর থাকবে।

ওদিকে ব্যাংকগুলো থেকে জানানো হয়য়ে, এসব সেবা বন্ধ থাকলেও সাধারণ ডেবিট কার্ড লেনদেন এবং অন্যান্য ব্যাংকের এটিএম-পিওএস বুথ, বাংলা কিউআর এবং মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ বা উপায়ে অর্থ স্থানান্তরের সুযোগ চালু রয়েছে।

নির্ধারিত সময়সীমার মধ্যে সিস্টেম মাইগ্রেশনের কারিগরি কাজ শেষ হওয়ামাত্রই সংশ্লিষ্ট সেবাগুলো পুরোদমে সচল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাই  মধ্যবর্তী এ সময়ে জরুরি আর্থিক প্রয়োজনে বিকল্প ডিজিটাল মাধ্যমব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে গ্রাহকদের ।

সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন,  এসব সেবা প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রাখার সিদ্ধান্ত কাযকরের আগে গ্রাহকদের বিকল্প প্রস্তুতির সুযোগ দিতে  অনেক আগেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত ছিল। আগাম নোটিশ ছাড়া এমন হঠকারী সিদ্ধান্তে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি সাধারণ মানুষের আস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

 

যেসব ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ রয়েছে, তার মধ্যে রয়েছে- বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (বর্তমানে সম্মিলিত ব্যাংকের আওতায়), আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক এবং উরি ব্যাংক বাংলাদেশ।

 

 

বিডি৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর