পূর্বানুমোদিত ভিসা ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশ সিঙ্গাপুরে ভ্রমণ করা যাবে। বিশ্বের প্রায় ১৬১টি দেশের পাসপোর্টধারীদের সেখানে সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করার সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর সরকার।
দেশটির ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটির (আইসিএ) দেওয়া তথ্যানুযায়ী, প্রথাগত উপায়ে কোন কোন দেশের ভিসা লাগবে না, সে তালিকা করেনি কর্তৃপক্ষ। এর পরিবর্তে ‘ভিসা বাধ্যতামূলক’ ৩৪ দেশের তালিকা প্রণয়ন করেছে তারা। তাই বিশ্বের প্রায় ১৯৫টি স্বীকৃত দেশের মধ্যে তালিকাভুক্ত ৩৪ দেশ বাদে বাকি দেশের নাগরিকেরা এই সুবিধা পাবেন।
প্রাপ্ত
তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়ন,
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও আসিয়ানভুক্ত অধিকাংশ
দেশের নাগরিকদের সিঙ্গাপুরে প্রবেশ বেশ সহজ। তাদের ক্ষেত্রে স্বল্পকালীন সফরের ক্ষেত্রে আগাম কোনো ভিসা নিতে হয় না।
এদিকে এশিয়াসহ বিশ্বের ৩৪ দেশের নাগরিকদের সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে পূর্বানুমোদিত ভিসা সঙ্গে থাকতে হবে। এ তালিকার মধ্যে রয়েছে বাংলাদেশও। ফলে বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। বাংলাদেশের বাইরে এশিয়ার তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়া, ইরাক, জর্ডান, লেবানন, সিরিয়া, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান।
ওদিকে এ তালিকায় আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে সোমালিয়া, আলজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান, লিবিয়া, মালি, তিউনিসিয়া, মিশর, মরক্কো, নাইজেরিয়া, ইয়েমেন, বেলারুশ, আর্মেনিয়া, কসোভো, মোলডোভা, জর্জিয়া ও ইউক্রেন।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে